রাজশাহী মহানগরীতে গণভোটের ফল বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার (১২ এপ্রিল ২০২৬) বিকেল ৫টা ২০ মিনিট থেকে ৫টা ৫৫ মিনিট পর্যন্ত বোয়ালিয়া মডেল থানাধীন সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, মিছিলটি জাদুঘর মোড় থেকে শুরু হয়ে রাজশাহী কলেজের সামনে দিয়ে মনি চত্বর, কুমারপাড়া মোড় ঘুরে সাহেববাজার জিরোপয়েন্ট বড় মসজিদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরের সভাপতি ইমরান নাজির, রাকসুর ভিপি ও সংগঠনটির সাবেক বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জনগণ পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। তাঁদের দাবি, সংসদ নির্বাচন স্বীকৃতি পেলেও গণভোটের ফল এখনো বাস্তবায়ন করা হয়নি। এ নিয়ে তারা সরকারের সমালোচনা করেন এবং দ্রুত গণভোটের ফল কার্যকর করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।