
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে রাজশাহীর পবা উপজেলার কাটাখালী বাজার এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। কর্মসূচির অংশ হিসেবে বাজার এলাকার নালা-নর্দমা পরিষ্কার করা হয় এবং জমে থাকা আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে জমে থাকা পানির উৎস চিহ্নিত করে তা সরিয়ে ফেলা হয়, যাতে মশার প্রজননস্থল ধ্বংস করা যায়।
এ সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে মশাবাহিত রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে বাড়ির আশপাশে কোথাও তিন দিনের বেশি পানি জমে না থাকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন জেলা প্রশাসক।