Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news
৩১ মার্চ ২০২৬
০৬:০৫ অপরাহ্ন

অনিয়মের অভিযোগে বাংলা টিফিনের প্রতি রুয়েট প্রশাসনের সতর্কবার্তা : খাবারের মান ও দাম নিয়ন্ত্রণে প্রতিশ্রুতি

রুয়েট প্রতিনিধি RUET administration's warning against Bangla Tiffin

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে অবস্থিত বাংলা টিফিন রেস্টুরেন্টকে ঘিরে সাম্প্রতিক সময়ে খাবারের মূল্য বৃদ্ধি ও মান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে খাবারে পোকা পাওয়া এবং মানের অবনতি নিয়ে অভিযোগ তুলে গত কয়েকদিন ধরে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে আজ (৩১ মার্চ) থেকে পূর্বে নির্ধারিত মূল্যে ফিরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা যায় ছাত্রকল্যাণ দপ্তর সূত্রে 

শিক্ষার্থীদের অভিযোগ, শুরুতে রেস্টুরেন্টটির খাবারের মান সন্তোষজনক থাকলেও সম্প্রতি তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। কিছু ক্ষেত্রে খাবারে পোকা পাওয়ার অভিযোগও উঠে এসেছে, যা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। একইসঙ্গে কিছু খাবার আইটেমের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় তারা হতাশা প্রকাশ করেন। ক্যাম্পাসভিত্তিক সাশ্রয়ী খাবারের সুবিধা নিশ্চিত করার উদ্দেশ্যে স্থাপিত এই রেস্টুরেন্টে মূল্য বৃদ্ধি শিক্ষার্থীদের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন তারা।

এ বিষয়ে বাংলা টিফিন-এর কর্ণধার শাকিল রুয়েট রিপোর্টার্স ইউনিটিকে জানান, “ঈদের পর কাঁচামালের দাম, বিশেষ করে চালের মূল্য প্রতি বস্তায় প্রায় ৮০০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে বাধ্য হয়ে কিছু খাবারের দাম বাড়াতে হয়েছে।” তিনি আরও জানান, খিচুড়ির দাম ২০ টাকা থেকে ২৫ টাকা করা হলেও শিক্ষার্থীদের জন্য একবার অতিরিক্ত ডাল এর সাথে দেওয়া হচ্ছে। তবে খাবারে পোকা পাওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তিনি দাবি করেন, “এ ধরনের কোনো ঘটনা আমাদের এখানে ঘটেনি; প্রচারিত ছবিগুলো অন্য জায়গার হতে পারে। ছবির এ ধরনের প্লেট আমাদের এখানে নেই।”

বিষয়টি আমলে নিয়ে রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে এবং মূল্য বৃদ্ধির বিষয়ে কৈফিয়ত চেয়েছে। ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ্ আল মাহমুদ বলেন, “শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় দাম পুনর্বিবেচনার জন্য বলা হয়েছে এবং আগের নির্ধারিত মূল্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রশাসনের অনুমতি ছাড়া কোনোভাবেই খাবারের দাম বৃদ্ধি করা যাবে না; নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনা হবে।” এছাড়াও প্রশাসনের তৎপরতায় শিক্ষার্থীদের জন্য ক্যাফেটরিয়াও পুরোদমে চালু হয়েছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বাস দিয়েছেন, দ্রুতই খাবারের মান উন্নয়ন ও মূল্য নিয়ন্ত্রণ নিশ্চিত করা হবে। পাশাপাশি ক্যাম্পাসভিত্তিক এ ধরনের সেবায় সাশ্রয়ী মূল্য ও মান বজায় রাখতে প্রশাসনের কার্যকর তদারকি অব্যাহত থাকবে বলে ছাত্রকল্যাণ দপ্তর সূত্রে জানা যায়।


© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news