
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাজশাহী জেলা বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সাহেববাজার বড় কুঠিস্থ মুনলাইট গার্ডেন কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০০ থেকে ৩৫০ জন নেতাকর্মী অংশ নেন।
সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা। তাঁদের মধ্যে ছিলেন—মো. মিজানুর রহমান মিনু, অ্যাডভোকেট শফিকুল হক মিলন, মো. আবু সাইদ চাঁদ, নজরুল ইসলাম মণ্ডল, জাহান পান্না, সৈয়দ শাহিন শওকত খালেক, সাইফুল ইসলাম মার্শাল এবং রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব শ্রী বিশ্বনাথ সরকারসহ অন্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাঁরা বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।
বক্তারা তাঁদের বক্তব্যে স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। তাঁরা স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আহ্বান জানান।
এছাড়া, বক্তারা বলেন—স্বাধীনতা অর্জনের পাশাপাশি তা রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে শৃঙ্খলা ও সচেতনতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তাঁরা।