Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৭ মার্চ ২০২৬
www.bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

শাহ মখদুম কলেজের শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদল নেতার ছাত্রত্ব বাতিলের দাবিতে মানববন্ধন

ছোটন সরদার Demand to cancel Chhatra Dal leader's student status for insulting teacher

রাজশাহীর শাহ মখদুম কলেজের রসায়ন বিভাগের শিক্ষক আসাদুজ্জামান জুয়েলকে চাঁদা দাবির জেরে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ শিহাব ও তার সহযোগী মুরাদের স্থায়ীভাবে ছাত্রত্ব বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক ও কর্মচারীরা।

শনিবার (৭ মার্চ) বেলা ১১টা ৪০ মিনিট থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শাহ মখদুম কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজের প্রায় ২০–২৫ জন শিক্ষক ও কর্মচারী অংশ নেন। প্রতিবাদ জানাতে অনেককে মুখে কালো কাপড় বেঁধে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মো. মঞ্জুর মুরশীদ, মো. আবু বকর সিদ্দিক, মো. আব্দুস সবুর শেখ ও মো. মিজানুর রহমান; প্রভাষক মো. সাখাওয়াত হোসেন ও রনজিৎ কুমার দাস এবং সহকারী অধ্যাপক লিজা খাতুনসহ অন্যান্য শিক্ষকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মারুফ শিহাব ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে শিক্ষক আসাদুজ্জামান জুয়েলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছিলেন। বিভিন্ন সময় তাঁকে ফোন করে চাঁদা দাবি ও হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ করেন তারা। একজন ছাত্র কোনো অবস্থাতেই নিজের প্রতিষ্ঠানের শিক্ষকের সঙ্গে এ ধরনের আচরণ করতে পারে না উল্লেখ করে তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান।

শিক্ষকেরা বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি শিহাবসহ জড়িতদের স্থায়ীভাবে ছাত্রত্ব বাতিলের জন্য কলেজ প্রশাসনের কাছে দাবি জানান তারা।

© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news