Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৪৭ অপরাহ্ন

নদে ৫০টি গুলিভর্তি বক্স পেল দুই শিশু

অনলাইন ডেস্ক ২৪ ফেব্রুয়ারি ২০২৬

নাটোরের সিংড়া উপজেলায় নাগর নদে মাছ ধরার সময় ৫০টি গুলিভর্তি একটি বক্স পেয়েছে দুই শিশু। পরে খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সিংড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাঁটাপুকুরিয়া এলাকাসংলগ্ন নাগর নদে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, পানি কম থাকায় দুপুরে বাড়িসংলগ্ন নাগর নদে মাছ ধরতে নামে মোস্তাকিম (৯) ও জাবের (৭) নামের দুই শিশু। তারা সিংড়া পৌরসভার কাঁটাপুকুরিয়া মহল্লার জাহাঙ্গীর আলমের ছেলে। তারা দুই হাত দিয়ে ঘোলা পানিতে মাছ ধরছিল। এ সময় কাদার ভেতর ডুবে থাকা একটি প্লাস্টিকের বাক্সে তাদের হাত আটকে যায়। বাক্সটি তুলে তারা নদীর পাড়ে এনে খুলে ভেতরে ৫০টি পিস্তলের গুলি ও পিস্তল পরিষ্কারের সরঞ্জাম দেখতে পায়। তৎক্ষণাৎ তারা বাক্সটি বন্ধ করে নিজ বাড়িতে নিয়ে আসে। গুলিভর্তি বাক্সটি দেখে তাদের মা মরিয়ম বেগম (৪০) সিংড়া থানায় ফোন করে খবর বিষয়টি জানালে পুলিশ তাদের বাড়িতে গিয়ে বাক্সসহ ভেতরের গুলি ও সরঞ্জাম থানায় নিয়ে আসে।

শিশুদের মা মরিয়ম বেগম বলেন, ‘দুই ছেলে মাছ ধরতে গিয়ে কিছুক্ষণ পর একটি মাঝারি আকারের বক্স হাতে নিয়ে বাড়িতে ফিরে আসে। বক্সটি খুলে দেখি ভেতরে পিস্তলের গুলি। পরে প্রতিবেশীদের সহায়তায় পুলিশের সঙ্গে যোগাযোগ করে বক্সসহ গুলি পুলিশের কাছে হস্তান্তর করেছি।’

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে একটি প্লাস্টিকের বাক্সের ভেতর থাকা ৫০টি পিস্তলের গুলি ও অস্ত্র পরিষ্কারের কিছু সরঞ্জাম উদ্ধার করেছে। প্রতিটি গুলির পেছনে ইংরেজিতে ঈইঈ ৩২ অটঞঙ লেখা ছিল। এ ছাড়া বক্সের মধ্যে পিস্তলের ব্যারেল পরিষ্কার করার প্লাস্টিকের তৈরি ক্লিনিং রড ও দুটি ব্রাশ পাওয়া গেছে।

নাটোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইফতে খায়ের আলম বলেন, গুলি উদ্ধারের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এসব কোথা থেকে এল এবং কারা রেখে গেছে—তা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংগৃহীত ছবি