Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news
১১ ফেব্রুয়ারি ২০২৬
০৪:৪৬ অপরাহ্ন

ভোটের আগের দিন বদলগাছীতে ৫ পেট্রোল বোমা উদ্ধার

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): 5 petrol bombs recovered

নওগাঁর বদলগাছী উপজেলায় ভোটের আগের দিন পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হলেও দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ঝাড়ঘগিয়া গ্রামে আক্কেলপুর সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে একটি মুদি দোকানের নিকটে সন্দেহজনক সাদা বস্তা পড়ে থাকতে দেখে টহলরত র‍্যাব সদস্যরা। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে কাঁচের বোতলে তৈরি পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করে।

দুপুর ১২টার দিকে বোমাগুলো বোমা ডিসপোজাল ইউনিট নিরাপদ স্থানে সরিয়ে বিশেষ কৌশলে নিষ্ক্রিয় করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, “এলাকায় স্কুল, বাজার ও বসতবাড়ি কাছাকাছি। যদি এগুলো বিস্ফোরিত হতো, বড় দুর্ঘটনা ঘটতে পারত।” সিরাজুল ইসলাম নামে একজন বাসিন্দা বলেন, “কাল ভোট, আজ বোমা উদ্ধার—ভোটকেন্দ্রে যেতে ভয় হচ্ছে।”

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, “পাঁচটি সক্রিয় পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। দ্রুত নিষ্ক্রিয় করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এগুলো সেখানে রেখেছিল তা তদন্ত চলছে।”

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক এবং জননিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করা হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
www.bijoybangla.news