Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ১৭ অক্টোবর ২০২৬ | ০৩:২৫ অপরাহ্ন

রানীবাজারের ৪০ হাতের বিশাল প্রতিমা ও তাহেরপুরের চকলেট প্রতিমায় উপচে পড়া ভিড়

আবুল কালাম আজাদ ​(বিশেষ প্রতিনিধি)রাজশাহী:- ১৭ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে এখন উৎসবমুখর পুরো রাজশাহী অঞ্চল। প্রতিবছরের মতো এবারও বৈচিত্র্যময় আয়োজন ও অভিনব থিমে সেজেছে বিভিন্ন পূজামণ্ডপ। এর মধ্যে রাজশাহীর দুটি পূজা মণ্ডপ পুরো জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে—একটি হলোনরাজশাহী  মহানগরীর রানীবাজারের টাইগার সংঘের ৪০ হাত উঁচু সুবিশাল দেবীপ্রতিমা, অন্যটি জেলার বাগমারা উপজেলার তাহেরপুরে ১০ হাজার গোল্ডেন কয়েন চকলেট দিয়ে তৈরি অনন্য প্রতিমা। এই দুই আকর্ষণীয় মণ্ডপে প্রতিদিন হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।


​রানাবাজারের টাইগার সংঘ- নতুনত্বের ছোঁয়ায় ৪০ হাত উঁচু দেবীমূর্তি:-

​কখনো বিশ্বকাপ ফুটবলের ট্রফি, কখনো ডাকভবন কিংবা কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর রুপালি গিটার—বছর বছর ভিন্ন ভাবনায় মণ্ডপ সাজিয়ে তাক লাগিয়ে দেওয়া রাজশাহী মহানগরীর রানীবাজারের টাইগার সংঘ এবার এনেছে আরও বড় চমক। এবারের তাদের মূল আকর্ষণ প্রায় ৪০ হাত উঁচু দেবীমূর্তি ও বিশাল নির্মাণকাঠামো।


​উঁচু বাঁশ ও কাঠের কাঠামোর ওপর স্থাপিত বহু হাতবিশিষ্ট এই দেবীপ্রতিমা দূর থেকেই পথচারীদের নজর কাড়ছে। প্রতিমার নিখুঁত অলংকরণ, পোশাকের নকশা এবং দৃষ্টিনন্দন আলোকসজ্জা পুরো এলাকাকে আলোকিত করে তুলেছে। ঐতিহ্য ও ভক্তির সঙ্গে আধুনিকতার এমন মেলবন্ধন দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন নানা বয়সের মানুষ। আয়োজকদের মতে, মণ্ডপে দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকেরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।



​তাহেরপুরের গঙ্গামাতা মন্দির-চকলেট দিয়ে তৈরি দুর্গা প্রতিমা:-

​এদিকে মহানগরীর বাইরে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরেও বইছে আনন্দের ভিন্ন হাওয়া। স্থানীয় সামাজিক সংগঠন ‘নবজাগরণ সংঘের’ উদ্যোগে তাহেরপুর শ্রীশ্রী গঙ্গামাতা মন্দিরে তৈরি করা হয়েছে অভিনব এক প্রতিমা। ১০ হাজার গোল্ডেন কয়েন চকলেট দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে সাজানো হয়েছে এই দুর্গাপ্রতিমা।


​নাটোরের প্রতিমাশিল্পী নীল কুমার দাসের নিপুণ হাতে গড়া এই ব্যতিক্রমী প্রতিমা তৈরির পেছনে খরচ হয়েছে প্রায় ৮০ হাজার টাকা। স্বর্ণালি রঙের কয়েন চকলেটের এই ব্যতিক্রমী প্রতিমার ছবি ও ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফলে প্রতিদিন হালদারপাড়ার এই মন্দিরে দর্শনার্থী ও কৌতূহলী মানুষের ঢল নামছে। মন্দির কমিটির পক্ষ থেকেও দর্শনার্থীদের শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।


​ভক্তি ও আনন্দের অপূর্ব মিলনমেলা:-

​ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসবের আমেজে মুখরিত রাজশাহীর এই দুই মণ্ডপ শুধু সনাতন ধর্মাবলম্বী ভক্তদের প্রার্থনা আর আরাধনার কেন্দ্রই হয়ে ওঠেনি, বরং সকল ধর্মের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। রানীবাজারের সুবিশাল কাঠামোর  কিংবা তাহেরপুরের চকলেটের মিষ্টি ছোঁয়া—দুটি ভিন্নধর্মী আয়োজনই এবারের দুর্গাপূজাকে রাজশাহীবাসীর জন্য আরও বেশি স্মরণীয় ও রঙিন করে তুলেছে।


ছবি - বিজয় বাংলা