
জ্বালানি সংকট মোকাবিলা, বিদ্যুতের ব্যয় কমানো এবং টেকসই নগরায়ণে রুফটপ সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে জনসচেতনতা, সঠিক তথ্য প্রচার ও কারিগরি সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সোমবার দুপুরে রাজশাহী জেলা পরিষদের সভাকক্ষে ‘রুফটপ সৌরবিদ্যুতের সুবিধা: জনগণের জ্ঞান, ব্যবহারিক প্রয়োগ ও করণীয়’ শীর্ষক কর্মশালায় সৌরবিদ্যুৎ বিষয়ে পরিচালিত এক গবেষণা জরিপের ফলাফল উপস্থাপনকালে এসব তথ্য জানানো হয়।
পরিবর্তন, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (CLEAN) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (BWGED)-এর যৌথ উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
জরিপে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জসহ দেশের ১০টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আওতাধীন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়। এতে দেখা যায়, ৮৭ শতাংশ উত্তরদাতা সৌরবিদ্যুৎ ও রুফটপ সৌরবিদ্যুৎ সম্পর্কে জানলেও মাত্র ৬৪ শতাংশ এর সুবিধা সম্পর্কে অবগত।
এছাড়া মাত্র ২১ শতাংশ মনে করেন রুফটপ সৌরবিদ্যুৎ অর্থনৈতিকভাবে লাভজনক, আর ২৮ শতাংশ মনে করেন সৌর প্যানেল দীর্ঘমেয়াদে কার্যকর থাকে না।
আয়োজকরা বলেন, সৌরবিদ্যুৎ সম্পর্কে মানুষের পরিচিতি থাকলেও এর অর্থনৈতিক সুবিধা, দীর্ঘমেয়াদি কার্যকারিতা ও ব্যবহারিক সম্ভাবনা নিয়ে এখনও ভুল ধারণা রয়েছে। এসব ভুল ধারণা দূর করতে জনসচেতনতা ও তথ্য প্রচারের পাশাপাশি কারিগরি সহায়তা বাড়ানো প্রয়োজন।
কর্মশালায় লোডশেডিং মোকাবিলায় সরকারি ভবন, বাজার, সড়কবাতি, পার্কসহ বিভিন্ন স্থানে রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করা গেলে রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরও সম্প্রসারণ করা সম্ভব বলে মত দেন আয়োজকরা।
কর্মশালায় এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা। এছাড়া সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধি, স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।