Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ০১ এপ্রিল ২০২৬ | ১২:২৮ অপরাহ্ন

রুয়েটে ‘বাংলা টিফিন’-এ সিট নিয়ে বিরোধ,এক শিক্ষার্থীকে মারধর

রুয়েট প্রতিনিধি ০১ এপ্রিল ২০২৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে সিট নিয়ে বিরোধকে কেন্দ্র করে মেকানিক্যাল বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।আজ,বুধবার(১ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘বাংলা টিফিন’-এ এ ঘটনা ঘটে।

জানা যায়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী তার এক বন্ধুকে নিয়ে বাংলা টিফিনে খাবার খেতে যান। হাত ধুয়ে এসে তারা একটি সিটে বসলে কয়েকজন অপরিচিত শিক্ষার্থী তাদেরকে সিট ছেড়ে দিতে বলেন। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থী পাশে বসতে বললে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

এক পর্যায়ে ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা শিক্ষার্থী তার উপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা ভুক্তভোগী শিক্ষার্থীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে জখম করে এবং পরে বাধাহীনভাবে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে প্রথমদিকে বাংলা টিফিন কর্তৃপক্ষ পুরো ঘটনাটি অস্বীকার করে এবং কেবল কথা কাটাকাটির ঘটনা ঘটেছে বলে দাবি করে। তবে প্রত্যক্ষদর্শীদের চাপে পরে তারা মারামারির ঘটনা স্বীকার করে।

এ সময় রুয়েট কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে বাংলা টিফিন কর্তৃপক্ষ জানায় যে তাদের ক্যামেরার কোনো রেকর্ড সংরক্ষিত নেই। তাদের দাবি, প্রতিদিনের কার্যক্রম পরিচালনার জন্য তারা শুধু লাইভ ভিডিও ব্যবহার করেন এবং প্রশাসনিক জটিলতা এড়াতে ফুটেজ সংরক্ষণ করা হয় না।

রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক এইচ এম মনজুর মোর্শেদ ঘটনাটি সম্পর্কে বলেন,

“এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা ইতোমধ্যে ভুক্তভোগী শিক্ষার্থীর সাথে কথা বলেছি। তার বক্তব্য অনুযায়ী দোষীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।”

বাংলা টিফিন কর্তৃপক্ষের বিষয়ে তিনি আরও বলেন, “সিসিটিভি ফুটেজ সংরক্ষণের বিষয়ে তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং কারণ দর্শানোর জন্য তাদেরকে আনুষ্ঠানিকভাবে ডাকা হবে।”

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, “আমি ও আমার এক বন্ধু খাবার খেতে বাংলা টিফিনে যাই। হাত ধুয়ে এসে খাবার খেতে বসলে কয়েকজন অপরিচিত শিক্ষার্থী আমাদেরকে জায়গা ছেড়ে দিতে বলে। আমি তাদের পাশে বসতে বললে তারা আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। আমি প্রতিবাদ করলে কয়েকজন মিলে আমাকে উপর্যুপরি মারধর করে।”

তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

বর্তমানে আহত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনাটি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।


ছবি