Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | www.bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ২৪ মার্চ ২০২৬ | ০৪:৪৫ অপরাহ্ন

৩ হাজার টাকার ফোন উদ্ধারে ৪ হাজার টাকা ঘুষ! সংবাদ প্রকাশের পর এসআই 'ক্লোজ'

প্রতিনিধি,বদলগাছী(নওগাঁ): ২৪ মার্চ ২০২৬

হারিয়ে যাওয়া মোবাইল ফোনটির বাজারমূল্য বড়জোর ৩ হাজার টাকা। কিন্তু সেটি উদ্ধার করে দেওয়ার 'মূল্য' বা ঘুষ চাওয়া হলো ৪ হাজার টাকা! এই অদ্ভুত ও হাস্যকর দুর্নীতির খবর চাউর হতেই টনক নড়েছে প্রশাসনের। নওগাঁর বদলগাছী থানার অভিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমানকে অবশেষে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এই শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার গোড়শাহী গ্রামের ভুক্তভোগী বিউটি বেগম ফোন হারিয়ে থানায় জিডি করেছিলেন এই আশায় যে, পুলিশ তাকে সাহায্য করবে। কিন্তু সহায়তার বদলে এসআই আজিজুর রহমান সরাসরি ৪ হাজার টাকা দাবি করেন। ফোনের দামের চেয়েও ঘুষের অঙ্ক বেশি হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভুক্তভোগীর অভিযোগ, টাকা না দিলে ফোন ফেরত পাওয়া যাবে না—এমন প্রচ্ছন্ন হুমকিও দেওয়া হয়েছিল তাকে।

বিষয়টি নিয়ে জাতীয় দৈনিক সহ বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পুলিশের সেবার মান নিয়ে প্রশ্ন উঠলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত তদন্তের নির্দেশ দেয়। প্রাথমিক সত্যতা মেলায় মঙ্গলবার দুপুরে তাকে বদলগাছী থানা থেকে প্রত্যাহার করে নওগাঁ জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

বদলগাছী থানার ওসি লুৎফর রহমান জানান, "অভিযোগটি আমরা গুরুত্বের সাথে নিয়েছি। প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখতে এসআই আজিজুর রহমানকে ক্লোজ করা হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।"

স্থানীয় সচেতন মহলের মতে, ৩ হাজার টাকার ফোনের জন্য ৪ হাজার টাকা ঘুষ চাওয়া কেবল অপেশাদারিত্ব নয়, বরং সাধারণ মানুষের অসহায়ত্ব নিয়ে তামাশা। তবে সংবাদ প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় পুলিশের প্রতি মানুষের আস্থা কিছুটা হলেও ফিরেছে।


হারিয়ে যাওয়া মোবাইল ফোনটির বাজারমূল্য বড়জোর ৩ হাজার টাকা।