
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং বিএনপি সরকারের সাবেক ভূমি প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট কবির হোসেনের রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেল ৫টা ১০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বুলনপুর এলাকার করাইতলা মোড়ে সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠন ‘অ্যাড. কবির হোসেন স্মৃতি সংসদ, রাজশাহী’র উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ১২০০ থেকে ১৫০০ জন অংশ নেন।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড. কবির হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, রাজশাহী মহানগর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলামিন এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রকিব উদ্দীন টুটুলসহ রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের রাজপাড়া থানা ও ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম অ্যাড. কবির হোসেনের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও নেতাকর্মীরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।